‘শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা ও উত্তরণের উপায়’ শীর্ষক সংলাপ মঙ্গলবার

‘এডুকেশন ওয়াচ’-এর ১৯ বছরে পদার্পণ উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৪টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে শিক্ষা সংলাপের আয়োজন করা হয়েছে। সংলাপের প্রতিপাদ্য বিষয়—‘শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা ও উত্তরণের উপায়’।

অনুষ্ঠানটি আয়োজন করছে এডুকেশন ওয়াচ এবং সহযোগিতায় রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই), শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট এবং ইউসিসি গ্রুপ।

এ সংলাপে দেশের শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। তারা বর্তমান শিক্ষাব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতা, নীতিগত ও বাস্তবায়নগত চ্যালেঞ্জ এবং সম্ভাব্য উত্তরণের পথ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরবেন।

আয়োজকরা আশা করছেন, এই সংলাপ দেশের শিক্ষাব্যবস্থার গুণগত উন্নয়ন, বাস্তবমুখী নীতি প্রণয়ন এবং সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।