ভোলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। বুধবার দুপুর পর্যন্ত জেলায় ৫৯ জন ডেঙ্গু রোগে আক্রান্তের রেকর্ড করা হয়েছে। এর আগে গত ৩১ জুলাই পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল দশ জন। তবে আশঙ্কার কথা হচ্ছে গত তিনদিনে সাতজন স্থানীয় ভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এর আগে সব রোগী ঢাকা থেকে আক্রান্ত হয়ে ভোলা এসেছিল।
ভোলার সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তে হয়েছে ১৯ জন। এদের মধ্যে ভোলা সদর হাসপাতালে ভর্তি আছেন ১১ জন, একজন লালমোহন ও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন সাতজন।
আরও পড়ুন: দেওয়ানগঞ্জে যমুনায় নৌকাডুবি, নিখোঁজ ১২
তিনি আরও জানান, গত দুই সপ্তাহে ভোলায় মোট ৫৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।তাদের মধ্যে ৩৯ জন ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। আশঙ্কাজনক একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। আর বাকি ১৯ জনকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তবে এর আগে ভর্তি রোগীরা ঢাকা থেকে আক্রান্ত হয়ে আসলেও গত তিনদিনে স্থানীয় ভাবে ৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে আশঙ্কার তথা হচ্ছে আসছে ঈদে যারা ঢাকা থেকে বাড়িতে আসবেন, তাদের অনেকেই ডেঙ্গু জীবানু নিয়ে আসবেন। তাদের মাধ্যমে ভোলায় ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে ধারনা করছেন জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান এই কর্মকর্তা।
ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক জানান, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মশক নিধন ওষুধ স্প্রে অভিযানের পাশাপাশি ৫টি পৌরসভা ও ৬৬টি ইউনিয়নে একযোগে ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এছাড়া স্ব স্ব বাড়ির আঙ্গিনা ও ব্যবসা প্রতিষ্ঠান সংলগ্ন স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য সকলকে নির্দেশনা দেয়া হয়েছে। এ নির্দেশ কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এমআরএম