মালদ্বীপের টুর্নামেন্টে কোচ মারুফুল হক

মালদ্বীপের ডায়মন্ড জুবীলি, ৬০ বছর উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামী ১-১০ জুন অনুষ্ঠিত হবে চার জাতি ফুটবল টুর্নামেন্ট। স্বাগতিক মালদ্বীপ ছাড়াও বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তান খেলবে টুর্নামেন্টে। 

অন্যান্য দল সিনিয়র ফুটবলারদের নিয়ে মালদ্বীপের টুর্নামেন্টে খেলতে যাবে। কিন্তু বাংলাদেশ খেলবে অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের নিয়ে। কারণ বাংলাদেশের সিনিয়র ফুটবল দল আগামী ৫ জুন ফিফা প্রীতি ম্যাচ খেলবে সানমারিনোর বিপক্ষে। সেখানে সব সিনিয়ররা চলে যাবেন। যে কারণে অনূর্ধ্ব-২৩ ফুটবল দল নিয়ে মালদ্বীপ যাবে বাংলাদেশ।

অনূর্ধ্ব-২৩ ফুটবল দলকে অলিম্পিক ফুটবল দল বলা হয়। তিন জন সিনিয়র ফুটবল অলিম্পিক দলে খেলে থাকেন। মালদ্বীপগামী বাংলাদেশ দলেও তিন জন সিনিয়র ফুটবলার থাকবেন। যেহেতু মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলঙ্কার সিনিয়র দল খেলবে, তাই বাফুফে পরিকল্পনা করছে আয়োজক মালদ্বীপের সঙ্গে কথা বলে অলিম্পিক দলকে খেলাবে এবং সিনিয়র খেলোয়াড়ের সংখ্যা বাড়াবে। 

দলের ম্যানেজার শাহিন হাসান গতকাল সন্ধ্যায় বাফুফে ভবনের মাঠে মালদ্বীপের টুর্নামেন্ট নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি জানিয়েছেন টুর্নামেন্টে বাংলাদেশের কোচ থাকবেন আবাহনীর কোচ মারুফুল হক।