সশরীরে শিক্ষা কার্যক্রম শুরুর পরিকল্পনা নেই ইরানের

সশরীরে শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়। কিছু স্কুল অভ্যন্তরীণ পরীক্ষা সরাসরি নেওয়ার ঘোষণা দিলেও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় পরিষ্কার করেছে, সশরীরে শিক্ষা কার্যক্রম শুরুর বিষয়টি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতির ওপর নির্ভরশীল। বর্তমানে দেশজুড়ে সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ভার্চুয়াল লার্নিং বা অনলাইন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। ২১ এপ্রিল থেকে দেশজুড়ে এই ডিজিটাল পদ্ধতি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছিল।
 
মন্ত্রণালয় সশরীরে ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিলেও কিছু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের অভ্যন্তরীণ পরীক্ষাগুলো সরাসরি কেন্দ্রে নেওয়ার প্রস্তুতি শুরু করেছিল। এর প্রেক্ষিতে মন্ত্রণালয় জানায়, উপযুক্ত কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া সশরীরে কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না।