ঝড়ো হাওয়ায় দুই ঘণ্টা বন্ধ ছিল পাটুরিয়া-দৌলতদিয়া-আরিচা নৌরুট

ঝড়ো হাওয়ার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ও আরিচা-কাজিরহাট নৌরুট-এ নৌযান চলাচল আবার স্বাভাবিক হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ঘাট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

 এর আগে, গতকাল রাত থেকেই কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়। পরে আজ সকালে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া শুরু হলে দুর্ঘটনা এড়াতে ভোর ৬টার দিকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। 

এ সময় ফেরি ও লঞ্চগুলোকে দুই প্রান্তের ঘাটে নিরাপদ স্থানে নোঙর করে রাখা হয়।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির ডিজিএম মো. সালাম হোসেন জানান, আবহাওয়া অনুকূলে আসার পর পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে।

প্রসঙ্গত, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে নিয়মিত ২২টি ফেরি, ৩৩টি লঞ্চ এবং ৬৭টি স্পিডবোট চলাচল করে।