মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫ বছরের কারাদণ্ড

লালমনিরহাটে মাদক মামলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবিরসহ দুইজনকে ৫ বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ এপ্রিল) আসামির উপস্থিতিতে লালমনিরহাট স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. রওশন আলম এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদেও (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবির এবং একই উপজেলার রোজবাগ টিপের বাজার গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে সেকেন্দার আলী (৪৫)।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৬ মে একটি পিকআপ ভ্যানে ভুট্টার আড়ালে ৩৪৪ বোতল ফেন্সিডিল ঢাকায় নেওয়ার সময় লালমনিরহাটের ট্রাকস্ট্যান্ড এলাকায় পুলিশ অভিযান চালিয়ে হুমায়ুন আহমেদ কবির ও সেকেন্দার আলীকে আটক করে। এ ঘটনায় লালমনিরহাট সদর থানার এসআই আসাদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

সেই মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার দুপুরে আসামীদের  উপস্থিতিতে রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, মাদকদ্রব্য পরিবহনের দায়ে হুমায়ুন আহমেদ কবির ও সেকেন্দার আলী প্রত্যেককে ৫ বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার পরে আসামীদেরকে লালমনিরহাট কারাগারে পাঠায় পুলিশ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট জিন্নাত আরা ফেরদৌসী রোজি রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকমুক্ত বাংলাদেশ করতে এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে। রায় ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্ত চেয়ারম্যানকে কারাগারে পাঠানো হয়েছে।