সংরক্ষিত নারী আসনের ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রধান বিরোধী দল বিএনপির ৩৬ জন, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১-দলীয় নির্বাচনী ঐক্যের ১২ জন এবং স্বতন্ত্র জোটের ১ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী নির্বাচিত সদস্যদের একটি সংক্ষিপ্ত তালিকা নিচে দেওয়া হলো:

বিএনপির ৩৬ নির্বাচিত নারী সংসদ সদস্য (এমপি) হলেন- সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

জামায়াত জোটের ১২ এমপি হলেন- নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, ইঞ্জি. মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও ইঞ্জি. মাহবুবা হাকিম।

এছাড়া স্বতন্ত্র জোটের সুলতানা জেসমিনকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান বলেন, জোটগুলোর মধ্যে বণ্টন করা আসন অনুযায়ী একের অধিক প্রার্থী না থাকায় ভোটগ্রহণের প্রয়োজন পড়েনি।

আইনি জটিলতার কারণে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে একটির গেজেট এখনো বাকি রয়েছে। ১১-দলীয় ঐক্যের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র ব্যাংক সংক্রান্ত আইনি জটিলতায় বাতিল হওয়ায় তিনি আজ হাইকোর্টে রিট আবেদন করেছেন। অন্যদিকে, আদালতের নির্দেশে এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে, যার যাচাই-বাছাই হবে আগামী ২ মে। এরপরই ওই একটি আসনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

গেজেট প্রকাশের মাধ্যমে ৪৯ জন নারী সদস্যের নির্বাচিত হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলো। এখন জাতীয় সংসদের স্পিকারের মাধ্যমে নবনির্বাচিত এই সংসদ সদস্যদের শপথ গ্রহণের আয়োজন করা হবে।