ময়মনসিংহে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ২৭০ হেক্টর জমির ধান

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় টানা বৃষ্টিতে প্রায় ২৭০ হেক্টরের বেশি জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া প্রবল বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক ধসের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, গত চার-পাঁচদিন নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়নে প্রবল বর্ষণের খবর পাওয়া গেছে। কয়েকটি জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টির কারণে নান্দাইল উপজেলা চরাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সড়কের কিছু অংশ ধসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া নিচু জমিতে থাকা কাঁচা-পাকা ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।

নান্দাইল উপজেলার সদর ইউনিয়নের কৃষক আবদুল হেলিম জানান, প্রথমবারের বৃষ্টিপাতের কারণে গজারিয়াসহ কয়েকটি বিলে আবাদকৃত জমির ধান পানির নিচে তলিয়ে যায়। পানির নিচে থাকা কিছু পাকা ধান শ্রমিক লাগিয়ে কাটিয়েছি। কিন্তু পরের বর্ষণে আরও অনেক কৃষকের নিচু জমির ধান তলিয়ে গেছে।

নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা জানান, উপজেলায় ২২ হাজার ২৯৫ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এর মধ্যে ঝড়ো আবহাওয়া ও বৃষ্টিতে ২৭০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই পরিমাণ জমিতে প্রায় এক হাজার ৬২০ মেট্রিক টন ধান উৎপাদন হওয়ার কথা ছিল।