নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ৩৫০ মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) পাওয়ার প্লান্টের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

শুক্রবার (১ মে) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করে বিদ্যুৎকেন্দ্রের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর ট্রান্সফরমার থেকে ঘন কালো ধোঁয়া বের হতে শুরু করে এবং মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী ও আশপাশের এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার পরপরই বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ট্রান্সফরমারে প্রায় এক লাখ লিটার তেল মজুদ ছিল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের বিস্ফোরণ ও বিপুল ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।