সমিতির নির্বাচন করবেন জানিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম খন্দকার পদত্যাগ করেছেন। রোববার (৩ মে) অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, গত ২৮ এপ্রিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবারের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থী হিসেবে প্রতিযোগিতার সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন।

রেজাউল করিম খন্দকার পদত্যাগের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সমিতির নির্বাচনে সম্পাদক পদে প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। সবুজ প্যানেল থেকে তিনি প্রতিদ্বিন্দ্বতা করবেন।

ঢাকা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ ‘সবুজ প্যানেল’ হিসেবে পরিচিতি পায়।

এর আগে, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পান রেজাউল করিম খন্দকার। এর পর থেকে তিনি দায়িত্ব পালন করছিলেন।