রাজধানীর খিলক্ষেত এলাকার লেকসিটির একটি ফ্ল্যাট থেকে ফারুক কবির বাদল (৬০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) বিকেলে মরদেহ উদ্ধার করে রাতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, ফারুক কবির বাদলের বাড়ি টঙ্গীবাড়ী উপজেলার টিভি মালদা গ্রামে। বর্তমানে তিনি খিলক্ষেত লেকসিটির সুরভী ভবনের একটি ফ্ল্যাটে একাই বসবাস করতেন। তার স্ত্রী ও এক মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক জীবন চন্দ্র দাস জানান, খবর পেয়ে শনিবার বিকেল চারটার দিকে ফ্ল্যাটের ড্রয়িংরুম থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে। ফলে মরদেহে পচন ধরেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।