বাংলাদেশের জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের কাবরেরার চুক্তি শেষ হয়েছে গত ৩০ এপ্রিল। চার বছর দায়িত্বে থাকার পর তার সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এতে বাংলার ফুটবলে শেষ হয় কাবরেরা অধ্যায়। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর এক আবেগঘন বার্তা দিয়েছেন এই স্প্যানিশ কোচ।
সোমবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে এক বার্তায় কাবরেরা লেখেন, ‘বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আমার যাত্রা শেষ হতে চলেছে। চার বছর চার মাস— যা বাংলাদেশ জাতীয় দলের ইতিহাসে কোনো প্রধান কোচের দীর্ঘতম মেয়াদ। আমি এমন কিছু অবিস্মরণীয় স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছি যা প্রতিটি সেকেন্ডের জন্য সার্থক ছিল।’
তিনি আরও লিখেছেন, ‘আমরা অনেক লম্বা পথ চলেছি, মাঠে ও মাঠের বাইরে। হাজারো ভক্তের সামনে খেলা থেকে শুরু করে দর্শকে ঠাসা স্টেডিয়ামগুলোতে অবিস্মরণীয় রাত, এমন সব মুহূর্ত তৈরি হয়েছে যেগুলো সবসময় বাংলাদেশের ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকবে।’
কাবররা লিখেছেন, ‘একসঙ্গে আমরা দৃঢ় পরিচিত ও প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করেছি যার মাধ্যমে আমরা মহাদেশের শক্তিশালী জাতীয় দলগুলোর বিপক্ষে ধারাবাহিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছি। ১৪ বছর পর সাফ সেমিফাইনালে ওঠা, ২২ বছরে প্রথমবার ভারতকে হারানো এবং ২০১৬ সালের পর ফিফার সর্বোচ্চ র্যাংকিংয়ের মতো গুরুত্বপূর্ণ কিছু মাইলফলকে আমরা পৌঁছেছিলাম।’
নিজে বিশেষভাবে গর্বিত জানিয়ে কাবররা বলেন, ‘পরবর্তী প্রজন্মের জন্য আমরা যে পথ তৈরি করেছি, তার জন্য বিশেষ করে আমি গর্বিত। এই সময়ে ২১ জন অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়ের অভিষেক হয়েছে, যারা এশিয়ার অন্যতম তরুণ জাতীয় দল প্রতিষ্ঠা করেছে এবং ভবিষ্যতের জন্য শক্ত ভিত তৈরি করেছে।’
২০২২ সালে বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ পান কাবরেরা। তার অধীনে ৩৯ ম্যাচ খেলে মাত্র ১০টিতে জয় পেয়েছে বাংলাদেশ। কাবরেরা যুগের অবসান ঘটিয়ে বাফুফে এখন হাঁটছে নতুন কোচের সন্ধানে।