দেশে তেলের কোনো সংকট কখনো হয়নি, হবেও না: জ্বালানিমন্ত্রী

দেশে তেলের কোনো সংকট কখনো হয় নাই, হবেও না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার (৫ মে) দুপুরে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে জ্বালানি ও বিদ্যুতের পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘তেলের কোনো সংকট কখনো হয় নাই। এখনও হবে না, কখনও হবেও না। কারণ, পর্যাপ্ত স্টক আমরা ক্রয় করতে যাচ্ছি।’

এ সময় মন্ত্রী আরও জানান, এখন দেশে কোথাও লোডশেডিং নেই। যদি বিদ্যুৎ না থাকে, সেটা লাইনের ফল্টের কারণে থাকে না বলে উল্লেখ করেন তিনি।

গ্রামেও লোডশেডিং নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘গ্রামে লোডশেডিং নাই। যেটা হয়, আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। যদি “ফল্ট” (ত্রুটি) হয়ে যায় বিদ্যুৎ ফ্লিপ করলে ওই “ফল্ট লোকেট” করতে তাদের সময় লাগে। সে জন্য বিদ্যুৎটা আসে না। আবার ত্রুটি ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে।’

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, ‘আজকে আমাদের এই ডিসি সম্মেলনে আমরা আমাদের জ্বালানি এবং বিদ্যুতের যে পরিস্থিতি সেটা তুলে ধরলাম। কিছুদিন আগে যে একটা কৃত্রিম সংকটের সৃষ্টি করা হয়েছিল। তাদের সহযোগিতায় আমরা সমস্যা থেকে উত্তরণ করতে পেরেছি। তাদেরকে ধন্যবাদ দিয়েছি।’