লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি ফসলি জমির মাঠ থেকে মোস্তাফিজুর রহমান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ মে) সকালে উপজেলার ইছাপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীরামপুর রাজবাড়ির সামনে একটি ফসলি জমিতে স্থানীয়রা মোস্তাফিজের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মোস্তাফিজের মরদেহটি উদ্ধার করে।
নিহত মোস্তাফিজ শ্রীরামপুর রাজবাড়ির মৃত বাচ্ছু মিয়ার ছোট ছেলে ও পাঁচ বছর বয়সী এক ছেলে সন্তানের জনক।
নিহতের স্ত্রী আয়েশা আক্তার মিতু জানান, ফজরের আজানের কিছুক্ষণ আগে তিনি ঘর থেকে বের হয়। বের হওয়ার দীর্ঘ সময়ের পরেও তিনি ঘরে ফিরে আসেনি। পরে আমরা লোকমুখে জানতে পারি বাড়ির অদূরে একটি মাঠে আমার স্বামী মোস্তাফিজের লাশ পড়ে আছে। মোস্তাফিজ ঢাকা একটি গার্মেন্টসে চাকরি করতেন। আমার শ্বশুর গত রমজান ঈদের আগে মারা গেলে তিনি বাড়িতে চলে আসেন। গত দুই মাস তিনি বাড়িতেই থাকতেন।
তবে স্থানীয়রা জানান, নিহত মোস্তাফিজুর রহমান নেশা ও অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। যেখান থেকে মরদেহ উদ্ধার হয়েছে সেখানে আগে বিচ্ছিন্ন বৈদ্যুতিক তারে জড়িয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।
রামগঞ্জ থানা পুলিশের ওসি ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। তার হাতে বিদ্যুতের তার জড়ানো ছিলো এবং হাতের তালু পুড়িয়ে যাওয়ার আলামত পেয়েছি। ময়নাতদন্ত শেষে জানা যাবে মারা যাওয়ার প্রকৃত কারণ জানা যাবে।