বাজারে এলো গ্রেট ওয়াল হাই-টেকের নতুন ব্যাটারি

এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শনিবার (৯ মে) গ্রেট ওয়াল হাই-টেক তাদের নতুন ব্যাটারি সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন ও বাজারজাতকরণ কার্যক্রম শুরু করেছে। সিরামিক শিল্পের সাফল্যের পর এখন শক্তি সংরক্ষণ (Energy Storage) খাতে আধুনিক প্রযুক্তির ব্যাটারি নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

গাজীপুরে অবস্থিত প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাটারি ফ্যাক্টরি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ডিলাররা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক মান বজায় রেখে স্থানীয় আবহাওয়ার উপযোগী করে ইভি, মিশুক, আইপিএস, পিসি এবং সিভিসহ বিভিন্ন ক্যাটাগরির উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি প্রস্তুত করা হয়েছে, যা দেশের জ্বালানি খাতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

এই প্রকল্পের বিশেষত্ব হলো—একদল দক্ষ চীনা প্রকৌশলী এবং বাংলাদেশি প্রযুক্তিবিদদের সমন্বয়ে গঠিত শক্তিশালী টিমের সরাসরি তত্ত্বাবধায়নে এই ব্যাটারিগুলো উৎপাদিত হচ্ছে।

অনুষ্ঠানে আগত ডিলাররা ফ্যাক্টরি পরিদর্শনের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া এবং দুই দেশের বিশেষজ্ঞদের সমন্বিত কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন। ফ্যাক্টরি ভিজিট ও পণ্য পরিচিতি সেশনের মাধ্যমে ডিলারদের এই পণ্যের গুণগত মান সম্পর্কে সরাসরি ধারণা দেওয়া হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রেট ওয়াল হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক আসিফ ইকবাল মাহমুদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খালেদুজ্জামান এবং প্রকল্প পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং মো. সানোয়ার হোসেনসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।