নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অতিথি রাণী দাস (১৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
রোববার (১০ মে) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম। এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বটতলী এলাকার ভুবনের বাড়িতে এই ঘটনা ঘটে।
অতিথি রাণী দাস ওই বাড়ির গোপাল চন্দ্র দাসের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে নিজ শয়নকক্ষে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে যান অতিথি। এরপর বাড়ির লোকজন দ্রুত সময়ের মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, বিষয়টি শুনেছি। এ ধরনের মৃত্যু কাম্য নয়। তাই বিদ্যুতের ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে।