রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র এলাকার লোকালয়ে খাবার খেতে এসে কুকুরের কামড়ে একটি মায়া হরিণের মৃত্যুর ঘটনা ঘটেছে।
রোববার (১০ মে) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক জামাল উদ্দিন।
জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) কাপ্তাই শাখার সভাপতি বেলাল হোসেন বলেন, সকালে কুকুরের চিৎকার শুনে ঘটনাস্থলে আমরা ছুটে আসি। এসে দেখি একটা হরিণকে কুকুর আক্রমণ করে পেছনের দিকে মাংস ছিড়ে নিয়ে গেছে। আক্রমণে হরিণটি ঘটনাস্থলে মারা যায়।
তিনি আরও বলেন, এসময় আমিসহ স্থানীয় লোকজন কাপ্তাইয়ের কর্ণফুলী রেঞ্জের বন বিভাগকে বিষয়টি জানায়। পরে তারা এসে মৃত হরিণটিকে কর্ণফুলী রেঞ্জে নিয়ে যায়।
কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী বলেন, বন বিভাগ থেকে হরিণের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কাপ্তাই ভেটেরিনারি সার্জন ড. রবিউল রবিউল ইসলামের নেতৃত্বে একটি টিম কর্ণফুলী রেঞ্জে যাই। মায়া হরিণটি কুকুরের আক্রমণে মৃত্যু ঘটে। আমরা ময়নাতদন্ত শেষে এটাকে মাটিতে পুঁতে ফেলছি।