ময়মনসিংহের ত্রিশালে চলন্ত ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের প্রায় আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (১১ মে) সন্ধ্যা ৭টার দিকে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে এদিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আউলিয়ানগর এলাকায় ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোনার মোহনগঞ্জের দিকে যাচ্ছিল। বিকেল সাড়ে ৪টার দিকে ত্রিশালের আউলিয়ানগর এলাকা পর্যন্ত আসতেই ট্রেনটি চলন্ত অবস্থায় ইঞ্জিনের নিচ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। পরে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ইঞ্জিন সচল না হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে বিকল্প ইঞ্জিন নিয়ে যাওয়া হয়। ওই ইঞ্জিন সংযোগের পর সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়।
এসময় ট্রেনটি গন্তব্যে ছেড়ে গেছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।