দিনাজপুরের ফুলবাড়ীতে অচেতন অবস্থায় পড়ে থাকা পাঁচজন কৃষিশ্রমিককে উদ্ধার করেছে থানা পুলিশ। তাদেরকে খাবারের সঙ্গে চেতনাশক ওষুধ খাইয়ে দুর্বৃত্তরা সবকিছু লুটে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে, ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।
বুধবার (১৩ মে) সকালে ফুলবাড়ী পৌরশহরের ঢাকা মোড় বাসষ্ট্যান্ড এলাকার রাস্তার পাশ থেকে তাদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তিরা দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজান শেওড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে কৃষিশ্রমিক মো. শাকিব (১৯), আব্দুল লতিফের ছেলে কৃষিশ্রমিক মো. আকবর আলী (৩০), আব্দুল খালেকের ছেলে কৃষিশ্রমিক মো. হেলাল উদ্দিন (২৫), আব্দুল জব্বারের ছেলে কৃষিশ্রমিক মো. জাকির হোসেন (৪৫) ও ইসরাইল হকের ছেলে কৃষিশ্রমিক মো. মমিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০ থেকে ২৫ দিন আগে ওই পাঁচজন কৃষিশ্রমিক ধান কাটার কাজের জন্য টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় যান। কাজ শেষে গত বুধবার ভোরে একটি ট্রাকে করে বাড়ি ফেরার পথে ফুলবাড়ী পৌরশহরের ঢাকা মোড় এলাকায় ট্রাকটি পৌঁছালে ট্রাক চালক তাদেরকে নামিয়ে রংপুরের দিকে যাওয়ার জন্য ট্রাকটি দাঁড় করে শ্রমিকদের ফুলবাড়ীতে নামার জন্য ডাক দেন। কিন্তু শ্রমিকদের মধ্যে কারো কোনো সাড়াশব্দ না পেয়ে ট্রাকের ডালায় সবাই অচেতন অবস্থায় পড়ে থাকতে পান। পরে ট্রাকচালক অচেতন অবস্থায় পাঁচ শ্রমিককে ট্রাক থেকে নামিয়ে রাস্তার পাশে রেখে ট্রাক নিয়ে রংপুরের দিকে চলে যান।
সকালে স্থানীয়া লোকজন শ্রমিকদের অচেতন অবস্থায় বিক্ষিপ্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে ফুলবাড়ী থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্থানীয়দের ধারনা কাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতারক চক্র (কলম পার্টি/অজ্ঞান পার্টি) তাদেরকে কোনো কিছু খাবারের সঙ্গে চেতনাশক ওষুধ খাইয়ে তাদের আয়ের সর্বস্ব লুটে নিয়েছে। বর্তমানে তারা ঠিক মতো কথা বলতে পারছেন না এবং ঠিকমতো দাঁড়াতেও পারছেন।
ফুলবাড়ী থানার ওসি মো.আব্দুল লতিফ শাহ বলেন, অচেতন অবস্থায় উদ্ধার হওয়া পাঁচজন কৃষিশ্রমিক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।