মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। দেশ দুটি নিশ্চিত করেছে, আগামী ২৭ মে তাদের দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের প্রথম দেশ হিসেবে সবার আগে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার ঘোষণা দিয়েছে তিউনিসিয়া।
আরবি বর্ষপঞ্জি অনুযায়ী আগামীকাল সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন। যেহেতু জিলহজের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়, তাই এই হিসাবে ২৭ মে তারিখটি নির্ধারিত হয়েছে।
তুরস্ক চাঁদ দেখার ওপর নির্ভর না করে বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে ঈদের তারিখ নির্ধারণ করে থাকে।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) জানিয়েছে, আজ ১৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সেক্ষেত্রে পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চল থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে।
আইএসির হিসাব অনুযায়ী, ২৭ মে বিশ্বের অধিকাংশ দেশে ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনাই বেশি।