ব্রাহ্মণদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে অনুরাগের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপকে ঘিরে আবারও নতুন বিতর্ক তৈরি হয়েছে। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি পুরোনো মন্তব্যের জেরে এবার ভারতের গুজরাটের সুরাত আদালতে তার বিরুদ্ধে মামলা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে।

মামলাটি করেছেন আইনজীবী ও বিশ্ব হিন্দু পরিষদের নেতা কমলেশ রাভাল। অভিযোগে তিনি দাবি করেন, অনুরাগ কাশ্যপের মন্তব্যটি শুধু ব্যক্তিগত মত প্রকাশের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তা পুরো ব্রাহ্মণ সম্প্রদায়কে অপমান করেছে। তার ভাষ্য, এ ধরনের মন্তব্য সমাজে বিভাজন ও বিদ্বেষ ছড়িয়ে দিতে পারে।

আদালত অভিযোগ আমলে নিয়ে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ৩৫২ এবং ৩৫৩(২) ধারায় মামলা রুজুর নির্দেশ দিয়েছেন।

ঘটনার সূত্রপাত ২০২৫ সালে। সে সময় সমাজসংস্কারক জ্যোতিরাও ফুলের জীবনভিত্তিক সিনেমা ‘ফুলে’ এর ট্রেলার প্রকাশের পর তা নিয়ে বিতর্ক শুরু হয়। ‘অল ইন্ডিয়া ব্রাহ্মণ সমাজ’ ছবিটি নিয়ে আপত্তি তোলে। সেই বিতর্ক চলাকালেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মন্তব্য করেন অনুরাগ কাশ্যপ।

পরিচালক তার ওই বিতর্কিত পোস্টে লিখেছিলেন, ‘ব্রাহ্মণদের উপর আমি প্রস্রাব করি। এতে কোনও সমস্যা আছে?’। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, এ ঘটনায় এর আগেও অনুরাগ কাশ্যপকে একাধিক নোটিশ পাঠানো হয়েছিল। তবে তিনি সেগুলোর জবাব দেননি বলেই শেষ পর্যন্ত আদালত কঠোর অবস্থানে যায়। যদিও পুরো বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অনুরাগ কাশ্যপ।