বোরহানউদ্দিনে আরও ১৬ জন ডেঙ্গু রোগী সনাক্ত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার রাত (৮টা) পর্যন্ত নতুন করে আরও ১৬ জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে।এ নিয়ে গত দুই সপ্তাহে  ডেঙ্গু  আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩১ জন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু সনাক্তকরণের কিট না থাকা এবং কেউ চিকিৎসা সেবা গ্রহণ না করায় আক্রান্তের কোন তথ্য নেই সংশ্লিষ্ট দপ্তরে।

আরও পড়ুন: রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৪৮ সদস্য গ্রেফতার

বুধবার সন্ধ্যা  থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত হাসপাতালে সামনে অবস্থিত ৪ টি ডায়াগনস্টিক সেন্টার থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১৬ জনের তথ্য পাওয়া যায়। বোরহানউদ্দিন ডায়াগনস্টিক সেন্টারের জাকির হোসেন, ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রিয়াজুল হক সুমন , নিউ জনসেবা  ডায়াগনস্টিক সেন্টারের আলী আকবর জানান, তাদের প্রতিষ্ঠানে এনএস১ ও আইজিএম,আইজিজি টেস্ট করা হয়।এ সব টেষ্ট করতে আসা রোগীদের মধ্যে বোরহানউদ্দিন ডায়াগনস্টিক সেন্টার থেকে  বড় মানিকা ইউনিয়নের বাটামারা গ্রামের সালাউদ্দিনের ছেলে সাহিন, কুড়ালিয়া গ্রামের ৪নং ওয়ার্ডে ফারুকের ছেলে রাসেল, দক্ষিণ বাটামারা গ্রামের কাজল দর্জিও ছেলে ফিরোজ, লতিফ দর্জির মেয়ে নিরু বেগম, ছোট মানিকা গ্রামের জাহাঙ্গীর এর ছেলে রবিউল, সাচড়া ইউনিয়নের শিবপুর গ্রামের সুমি, জলিল এর ছেলে মিজানুর রহমান, দেউলা ইউনিয়নের বেল্লাল এর ছেলে স্বাধীন, গংগাপুর ইউনিয়নের মোখলেছুর রহমানের স্ত্রী শাহানুর  বেগম,সাচড়ার আনিস ও সোনাপুরের মো. বাচ্ছু ডেঙ্গু আক্রান্ত বলে জানান  জাকির হোসেন। আর নিউজন সেবা থেকে খায়ের হাট এলাকার হুমায়ূন এর ছেলে কাজল  ও সাচড়া ইউনিয়নের লোকমান এর ছেলে নাইম এবং নিউ ইবনে সিনা থেকে হোসেন,ছাব্বির ও ছকিনার তথ্যা পাওয়া যায়।

শিশু বিশেষজ্ঞ ডা. মো. সালাহউদ্দীন বলেন,আতঙ্কিত হওয়ার কিছু নেই।আক্রান্তদের প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়াতে হবে।

উপজেলা স্বাস্থ্য  কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম শাহিন জানান, ডেঙ্গু সনাক্তকরণের কিট এখনও পাওয়া যায়নি। ২/১দিনের মধ্যে আমরা পাব। তখন আর এ সমস্যা থাকবে না।

ইত্তেফাক/এমআরএম