রাজধানীর লালবাগ এলাকায় রাব্বি ইসলাম হাসিব (২) নামে এক শিশুর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মে) দুপুর সোয়া ২টার দিকে পুরান ঢাকার শেখ সাহেব বাজার এলাকার মন্দির গলিতে নিজ বাসা থেকে নিখোঁজ হয় সে। এ ঘটনায় একই দিন শিশুটির মা শিউলি আক্তার লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শিশুটির মা শিউলি আক্তার ইত্তেফাক ডিজিটালকে জানান, শুক্রবার দুপুরে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। পরে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, হাসিব বিছানায় নেই। এরপর আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ করেও শিশুটির সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করেন। তিনি তার সন্তানকে দ্রুত ফিরে পাওয়ার আকুতি জানান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু হাসিবের বাবা রিপন খান পেশায় সবজি বিক্রেতা ও হাসিব তার প্রথম স্ত্রীর সন্তান। পারিবারিক কলহ ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে শিশুটি নিখোঁজ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন ইত্তেফাক ডিজিটালকে বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। পরিবারের দেওয়া তথ্য ও ঘটনার বর্ণনায় কিছু অসঙ্গতি রয়েছে।
তিনি আরও বলেন, পারিবারিক বিরোধ বা শত্রুতার জেরে শিশুটিকে সরিয়ে নেওয়া হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।