উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। প্রতি বছর প্রায় ১১ মিলিয়ন মানুষ উচ্চ রক্তচাপের কারণে মারা যায়। বাংলাদেশে প্রতি ৪ জনে এক জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি উচ্চ রক্তচাপে ভুগছেন। কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ে মানুষ একদমই সচেতন নয়।
বৈজ্ঞানিক গবেষণায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের অর্ধেক জানেনই না যে তারা উচ্চ রক্তচাপে ভুগছেন। উচ্চ রক্তচাপ নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর ১৭ মে উচ্চ রক্তচাপ দিবস হিসেবে পালন করা হয় এবং দিনটিতে বিভিন্ন ধরণের সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়।
বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন বাংলাদেশের চিকিৎসকদের অন্যতম প্রধান সংগঠন হিসেবে প্রতিষ্ঠার শুরু থেকেই চিকিৎসকসহ সাধারণ মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে সংগঠনটির উদ্যোগে শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজে রোববার (১৭ মে) সেমিনার ও সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের আহ্বায়ক এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান।
সেমিনারে শুভেচ্ছা বক্তব্য দেন মেডিসিন সোসাইটির সদস্য সচিব ডা. জাকারিয়া আল আজিজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আহমাদ মনজুরুল আজিজ।
আলোচনায় প্যানেল সদস্য হিসেবে মতামত প্রদান করেন—স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. ফারুক আহাম্মাদ, পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মোহাম্মদ জাকিউল আলম, মুগদা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শাহাবুল হুদা চৌধুরী এবং মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. মনজুরুল হক। শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আইনুল ইসলাম খান সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজের এনেস্থেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. রেহান উদ্দিন খান, ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সের পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খান এবং শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আবদুল্লাহ আল ফারুক। ধন্যবাদ জ্ঞাপন করেন স্যেঁরভিয়ে বাংলাদেশ অপারেশন্স-এর প্রধান নির্বাহী তোফাজ্জল হোসেন ভুঁইয়া।