বিশ্ব ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ (আইবিডি) দিবস উপলক্ষে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি আজ সকাল ৯টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনারের আয়োজন করে। একই সঙ্গে দিবসটি উপলক্ষে একটি উৎসবমুখর র্যালিও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এ. কিউ. এম. মোহসেন।
সেমিনারে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশ নেন। তাঁরা আইবিডি রোগীদের বর্তমান পরিস্থিতি, চিকিৎসাসেবা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যরা।
বক্তারা বলেন, আইবিডি সম্পর্কে জনসচেতনতা এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। রোগটি সম্পর্কে প্রাথমিক ধারণা ও সময়মতো চিকিৎসা গ্রহণ বাড়াতে হলে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সেমিনারে জানানো হয়, আইবিডি রোগীদের উন্নত চিকিৎসা ও সার্বিক সহায়তা নিশ্চিত করতে ইতোমধ্যে আইবিডি Foundation-এর কার্যক্রম শুরু হয়েছে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি অধ্যাপক ডা. দেওয়ান সাইফউদ্দিন আহমেদ বলেন, “শুধু চিকিৎসা প্রদান নয়, আইবিডি রোগীদের একটি কর্মময় ও স্বাভাবিক জীবন নিশ্চিত করাই এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য।” তিনি এ উদ্যোগ বাস্তবায়নে সরকার ও সমাজের সর্বস্তরের সহযোগিতা কামনা করেন।