ঈদ-উল-আজহার দিন মেরামত কাজের জন্য দমদমা সেতুতে রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত সকল প্রকার যান চলাচল বন্ধ থাকবে। এই দিন বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ জানিয়েছে সড়ক বিভাগ। বৃহস্পতিবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ বিভাগ রংপুরের সহকারী নির্বাহী প্রকৌশলী রুহুল খাঁন।
তিনি জানান, রংপুর ও মিঠাপুকুরের মাঝামাঝি স্থানে অবস্থিত দমদমা সেতুটি ওই দিন মেরামত করা হবে। এ সময়ে রংপুর-মিঠাপুকুর মহাসড়কে চলাচলকারী যানবাহনকে বিকল্প সড়ক হিসেবে রংপুর (টার্মিনাল)-বদরগঞ্জ-মধ্যপাড়া-মিঠাপুকুর সড়ক ব্যবহার করতে হবে। বিষয়টি ইতোমধ্যে স্থানীয় পত্রিকার মাধ্যমে জনসাধারণ ও যানবাহন চালকদের অবগত করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও জানানো হয়েছে।
আরও পড়ুন: ১৮ বছর পর স্ত্রী-সন্তানকে স্বীকৃতি দেওয়ায় সেই ইসলাম কারামুক্ত
জানা গেছে, দমদমা সড়ক সেতুটি ঢাকা (মিরপুর)-উথুলি-কাশিনাথপুর-বগুড়া-রংপুর-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কের (এন-৫) ৩১৭ কিলোমিটারের মধ্যে রংপুর ও মিঠাপুকুর উপজেলার মাঝামাঝি স্থানে অবস্থিত। রংপুর মহানগরীর ধর্মদাস এলাকায় ঘাঘট নদীর ওপর অর্ধশত বছর আগে সেতুটি নির্মাণ করা হয়। সেতুর স্থায়িত্বের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বেশ কয়েক স্থানে ফাটল দেখা দিয়েছে।
গাইবান্ধা ছাড়া রংপুর বিভাগের সাত জেলা ও রাজশাহী বিভাগেরও কিছু জেলার মানুষ দমদমা সেতুর ওপর দিয়ে পারাপারে নির্ভরশীল। এই সেতুতে প্রতিদিন বিভিন্ন ধরনের কয়েক হাজার যানবাহন চলাচল করে।
ইত্তেফাক/অনি