ফিফটির পর মায়ের জন্য বিশেষ উদযাপন বৈভবের

ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন বৈভব সূর্যবংশী। চলমান আইপিএলে নিয়মিত ঝড় তুলছেন এই ব্যাটার। মঙ্গলবার (১৯ মে) লখনউয়ের বিপক্ষে রাজস্থানকে জেতাতে বড় ভূমিকা রেখেছেন বৈভব। অল্পের জন্য সেঞ্চুরি পাননি। তবে ফিফটির পরই বিশেষ উদযাপন করতে দেখা যায় তাকে। ম্যাচ শেষে সেটার কারণ জানিয়েছেন এই ওপেনার।

ফিফটির পূরণের পর আঙুল দিয়ে ইংরেজির ‘এ’ অক্ষর দেখিয়ে উচ্ছ্বাসপ্রকাশ করেন বৈভব। এ প্রসঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বলেন, 'এমনিই তা করেছি। আগের ম্যাচেও যে উচ্ছ্বাস করেছিলাম তার আলাদা কোনো অর্থ ছিল না। প্রত্যেক ম্যাচেই নতুন কিছু করতে চাই।'

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজস্থানের পোস্ট করা একটি ভিডিওতে বৈভব বলেন, 'ওই উদযাপন আমার মাকে উৎসর্গ করা। তার নাম ‘এ’ দিয়ে শুরু। এটা সবাইকে বলতে চাইছিলাম না। কারণ সামনের দিনেও এটা করব। তবে আজকের উচ্ছ্বাস মায়ের জন্য ছিল।'

চলমান আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছেন বৈভব। ৫৭৯ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন তিনি। ১৩ ম্যাচে ৪৪.৫৩ গড়ে এই রান করেছেন রাজস্থানের এই ওপেনার।