জামালপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

জামালপুরের বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার আরো দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে কামালপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- কামালপুর ইউনিয়নের আতর আলীর ছেলে মাসুম মিয়া (৪০)। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। অন্যরা হলেন, একই ইউনিয়নের বাবুল মিয়ার ছেলে নূর আলম (৩০) ও এ কে এম সরোয়ার জাহানের ছেলে তানজিদ জাহান বাবু। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে কামালপুর ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বকশীগঞ্জ থানা পুলিশের একটি দল। অভিযানের সময় মাদক কেনা-বেচা ও সেবনের অভিযোগে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ মিয়া ও তার দুই সহযোগী নূর আলম এবং তানজিদ জাহান বাবুকে হাতেনাতে গ্রেপ্তারর করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।