৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করবে ঢাকা দক্ষিণ: প্রশাসক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে প্রস্তুতি জোরদার করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। প্রশাসক আবদুস সালাম জানিয়েছেন, কোরবানির প্রথম দিনের সব বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (২২ মে) রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, কোরবানির বর্জ্য কোনোভাবেই ড্রেন বা নর্দমায় ফেলা যাবে না। এতে যেমন রোগজীবাণু ছড়ানোর ঝুঁকি থাকে, তেমনি বৃষ্টির সময় জলাবদ্ধতার পরিস্থিতিও ভয়াবহ হতে পারে।

তিনি জানান, ঈদের দিন দুপুর ১২টা থেকে বর্জ্য অপসারণের মূল কার্যক্রম শুরু হবে এবং পরবর্তী আট ঘণ্টার মধ্যেই প্রথম দিনের বর্জ্য পরিষ্কার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, এই কার্যক্রম সফল করতে নগরবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিকদের সচেতন করতে এবং বর্জ্য ব্যবস্থাপনা সহজ করতে এবার ডিএসসিসির পক্ষ থেকে ১ লাখ ৪০ হাজার বায়োডিগ্রেডেবল ব্যাগ, ৪০ টন ব্লিচিং পাউডার এবং ১ হাজার ৫০ লিটার স্যাভলন বিতরণ করা হচ্ছে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোরবানির বর্জ্য নির্ধারিত ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রেখে দিলে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা দ্রুত সেগুলো সংগ্রহ করবে।