শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসাশিক্ষককে পুলিশে দিলেন এলাকাবাসী

সাভারের বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষকের নাম মাওলানা কামরুজ্জামান।

শনিবার (২৩ মে) দুপুরে সাভার মডেল থানার ওসি আরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত শিক্ষক কামরুজ্জামানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কমলাপুর বাজারের কাছে অবস্থিত ‘দারুল কুরআন বাহারুন নেসা মহিলা মাদ্রাসার’ প্রতিষ্ঠাতা মাওলানা কামরুজ্জামান ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। শনিবার সকালে তিনি ওই ছাত্রীকে মাদ্রাসায় নিজের কক্ষে ডেকে নেন এবং ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ছাত্রীটি কৌশলে কক্ষ থেকে বের হয়ে দ্রুত বাড়ি ফিরে পরিবার ও আত্মীয়-স্বজনকে বিষয়টি জানায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষুব্ধ জনতা একত্রিত হয়ে মাদ্রাসায় চড়াও হন এবং শিক্ষক কামরুজ্জামানকে ধরে কয়েক দফায় গণধোলাই দেন। খবর পেয়ে ঘটনাস্থলে শত শত মানুষ জড়ো হলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

সাভার মডেল থানার ওসি আরমান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত শিক্ষক কামরুজ্জামানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্তপূর্বক এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।