টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার (২৪ মে) সকাল ১১টার দিকে বাসাইল-টাঙ্গাইল সড়কের বাংড়া কালিমন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের তাকবির মিয়া (১৫), লিমন (১৪) ও সায়মন (১৪)। তারা তিনজনই একই মোটরসাইকেলে ছিলেন এবং পরস্পরের বন্ধু বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু মোটরসাইকেলে করে বাসাইল উপজেলা সদরের দিকে যাচ্ছিল। পথে বাংড়া কালিমন্দির এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাকবির মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় লিমন ও সায়মনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে লিমন মারা যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সায়মনের মৃত্যু হয়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।