টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জমেলা বেগম (৩৮) ও তার মেয়ে সুমাইয়া আক্তার (১০) নিহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কালিয়া ইউনিয়নের কুতুবপুর বিন্নরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জমেলা বেগম ওই গ্রামের কৃষক নূর মোহাম্মদের স্ত্রী এবং সুমাইয়া আক্তার তার মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান ফকির জানান, শুক্রবার বিকেলে নিহত জমেলার মেয়ে সুমাইয়া আক্তার বাড়ির উঠানে জিআই তার দিয়ে টানানো কাপড় শুকানোর তারে ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। জিআই তারের সঙ্গে বাড়ির বিদ্যুৎলাইনের সংযোগ ছিল বলে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান।
এ দিকে ঘটনার সময় মেয়ের চিৎকারে তাকে উদ্ধারে মা এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ঘটনা দেখে মা ও বোনকে উদ্ধারে জমেলার রড় মেয়ে আরিফা আক্তার এলেও তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মা জমেলা বেগম ও তার ছোট মেয়ে উপজেলার শুকনারছিট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। তবে জমেলার বড় মেয়ে আরিফা আক্তার গুরুতর আহত হয়েছে। তাকে সখীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত হয়ে মিটফোর্ডে শুক্রবার ভর্তি হয়েছে ৬৩ জন
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
ইত্তেফাক/নূহু