আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার হলেন গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বাকের গালিবাফ। সোমবার (২৫ মে) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজের বরাত দিয়ে এএফপি এ খবর জানিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই পুনর্নির্বাচনের মাধ্যমে দেশটির রাজনীতিতে গালিবাফের অবস্থান আরও সুসংহত হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংবেদনশীল কূটনৈতিক আলোচনায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই একটি মিশ্র বার্তা দিয়েছেন। তিনি বলেন, আমরা চুক্তির খুব কাছাকাছি আছি, আবার অনেক দূরেও আছি।

তার এই মন্তব্যে খুব একটা আশার আলো দেখা যাচ্ছে না। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন চলতি সপ্তাহের মধ্যে চুক্তি না হলে ইরানে আবার সামরিক অভিযান শুরু হতে পারে।

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, বর্তমান আলোচনায় এখনো অনেক জটিল বিষয় অমীমাংসিত রয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি তহবিল মুক্ত করা এবং পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিষয়াদি।

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার ভারত সফরে থাকাকালীন বলেছেন, আলোচনা এখনো চলছে। নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, সোমবারের মধ্যে বড় কোনো অগ্রগতির আশা করা হয়েছিল, কিন্তু এখনো কিছুটা সময় লাগবে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাতে।

সূত্র: আল আরাবিয়া