মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের পর এবার উত্তর প্রদেশে কঠোর বিধিনিষেধ জারি করেছে বিজেপি সরকার।
কোরবানির ঈদের সময় আইনশৃঙ্খলা বিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রোববার (২৪ মে) ভিডিও কনফারেন্সে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি বলেন, খোলা জায়গায় বা জনসমক্ষে পশু কোরবানি করা যাবে না এবং রাস্তা বন্ধ করে কোনো নামাজ আদায় করা যাবে না।
যোগী আদিত্যনাথ বলেন, শুধু পূর্বনির্ধারিত স্থানে কোরবানির অনুমতি দিতে হবে এবং উৎসব ঘিরে কোনো নতুন রীতি বা প্রথা চালু করা যাবে না। কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র ঐতিহ্যবাহী স্থানেই নামাজ আদায় করতে হবে এবং কোনো অবস্থাতেই নামাজের জন্য রাস্তা বন্ধ করার অনুমতি দেওয়া যাবে না।
আদিত্যনাথ কর্মকর্তাদের আরও নির্দেশনা দিয়ে বলেন, পশু কোরবানির পর সৃষ্ট বর্জ্য যথাযথ অপসারণ নিশ্চিত করতে হবে। খোলা জায়গায় মাংস বিক্রি নিষেধাজ্ঞা বজায় রাখা হয় এবং অবৈধ কসাইখানাগুলোর বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেয়া হয়। এছাড়া বৈধ কসাইখানাতে নির্ধারিত ধারণক্ষমতার বাইরে অতিরিক্ত পশু রাখা যাবে না বলে হুঁশিয়ারি দেন।
আলিগড়, বিজনোর, সাহারানপুর, রামপুর এবং সম্ভল সহ সংবেদনশীল জেলার কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী তাদের বিগত বছরগুলোর ঘটনা পর্যালোচনা করতে বলেন। একইসঙ্গে সম্ভাব্য অশান্তি সৃষ্টি কারীদের চিহ্নিত করে যেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
সূত্র: এনডিটিভি