জানাজার নামাজে যাওয়ার পথে বাসচাপায় বৃদ্ধ নিহত, সড়ক অবরোধ

জামালপুর সদরের বিনন্দের পাড়া এলাকায় জানাজার নামাজে অংশ নিতে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় বাসচাপায় সোহরাব হোসেন সরু (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (২৭ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা কিছু সময়ের জন্য জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

নিহত সোহরাব হোসেন সরু  বিনন্দের পাড়া গ্রামের মৃত তৈয়জ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, বিনন্দের পাড়া ঈদগাহে মাঠে শামস উদ্দিন নামে একজনের জানাজায় অংশ নিতে যাওয়ার উদ্দেশ্যে তিনি সড়ক পার হচ্ছিলেন। এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি দ্রুতগতির বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, সোহরাব হোসেন সরু জানাজার নামাজে অংশ নিতে বিনন্দের পাড়া ঈদগাহের দিকে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি দ্রুতগতির বাস এসে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। একজন মানুষ জানাজার নামাজে যেতে গিয়ে এভাবে প্রাণ হারাবেন, এটা খুবই মর্মান্তিক ঘটনা।

জামালপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।