যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি চূড়ান্ত নয়, খসড়ায় পরিবর্তন করা হয়েছে বলে দাবি তেহরানের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা স্মারকের খসড়া এখনও চূড়ান্ত হয়নি। সাম্প্রতিক দিনগুলোতে এর বিভিন্ন অংশে পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজ এজেন্সি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, সম্ভাব্য এই চুক্তি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে তথ্য প্রকাশ হয়েছে, তার ‘কিছু অংশ’ সঠিক নয়। পাশাপাশি কিছু প্রতিবেদনে ভুল ব্যাখ্যাও করা হয়েছে।

এর আগে মার্কিন সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছিল যে, দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরান একটি প্রাথমিক কাঠামোতে সম্মত হয়েছে। একই সঙ্গে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা শুরু করার বিষয়েও তারা একমত হয়েছে। তবে এই চুক্তিটি কার্যকর হতে হলে এখনও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন রয়েছে।

এর আগে মার্কিন সংবাদভিত্তিক ওয়েবসাইট এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, সম্ভাব্য এই মার্কিন-ইরান চুক্তির শর্ত অনুযায়ী হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল ‘অবাধ’ থাকবে এবং ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়া হবে।