চীন থেকে নিয়ে আসা মশা নিধনের নতুন ওষুধের আনুষ্ঠানিক প্রয়োগ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। আজ শুক্রবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলামকে সঙ্গে নিয়ে এই কীটনাশক প্রয়োগ আনুষ্ঠানিকভাবে শুরু করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।
রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে আজ বিকেলে মন্ত্রী ও মেয়রের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কীটনাশক প্রয়োগ শুরু করা হয়। ইতোমধ্যে ডিএনসিসির সবগুলো অঞ্চলে এটি পৌঁছেছে, খুব শিগগিরই সব ওয়ার্ডে এটি পৌঁছাবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্ত্রী তাজুল ইসলামসহ মেয়র মোহাম্মদপুর টাউন হল এলাকার বাজারের বিভিন্ন দোকান, আবাসিক ভবন এবং অলিগলি পর্যবেক্ষণ করেন এবং তাৎক্ষণিক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ওয়ার্ড কাউন্সিলরকে অলিগলির আবর্জনা পরিষ্কারের নির্দেশ দেন। তিনি অত্র এলাকার বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং মশার প্রজননস্থল হতে পারে এমন কিছু স্থান চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
আরও পড়ুন: আগাম জামিনে হাইকোর্টকে মানতে হবে ১৬ নির্দেশনা
পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেন, সরকার সর্বাত্মকভাবে সবাইকে সঙ্গে নিয়ে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় কাজ করছেন।বাসস
ইত্তেফাক/কেকে