ডিএনসিসি প্রশাসকের অভিযোগ

মেট্রোরেলে বর্জ্য নিয়ে এআই ছবি বানিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে

ঈদুল আজহার তৃতীয় দিন শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি জানিয়েছেন, গত ৭২ ঘণ্টায় উত্তর সিটি এলাকায় ১৮ হাজার ৩৪৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় গুলশান-২ এ ডিএনসিসির নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

তিনি বলেন, নগরবাসীর সহযোগিতার কারণেই নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে। পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে ঢাকা উত্তর সিটি করপোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রশাসক অভিযোগ করেন, মেট্রোরেল নিয়ে অনেকে অনেক কথা বলেছিলো। আমি নিজে উপস্থিত থেকে সেখানে পরিষ্কার করেছি।  সরকার ও ডিএনসিসির ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও গোষ্ঠী এআই দিয়ে তৈরি ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করেছে। এগুলো সম্পূর্ণ অসত্য। আপনারা নিজে গিয়ে দেখে আসতে পারবেন। 

তিনি বলেন, বাস্তব পরিস্থিতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে।

ডিএনসিসি প্রশাসক আরও জানান, সংস্থাটির অধীন পরিচালিত চারটি পশুর হাটের বর্জ্য ইতোমধ্যে সম্পূর্ণ অপসারণ করা হয়েছে। বাকি হাটগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও দ্রুত শেষ করা হবে।

কোরবানির ঈদকে কেন্দ্র করে পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও নগরবাসীর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি।