খাবার বিক্রির টাকায় ১০৪ বছর বয়সে হজ করলেন এমবা মার্সিয়াহ

চলতি বছর হজ পালন করা সবচেয়ে বয়স্ক হাজি হিসেবে পরিচিতি পেয়েছেন এমবা মার্সিয়াহ। তিনি ইন্দোনেশিয়ার পূর্ব জাভার কেদিরি এলাকার বাসিন্দা। তার বর্তমান বয়স ১০৪ বছর।

জানা গেছে, তিনি ইন্দোনেশিয়ার ২০২৬ সালের হজ কাফেলার অংশ হিসেবে অনুমোদিত ২ লাখ ২১ হাজার মুসল্লির একজন ছিলেন। ২০২১ সালে হজের জন্য নিবন্ধন করেন এবং বহু বছর ধরে অর্থ জমিয়ে নিজের স্বপ্ন পূরণের চেষ্টা চালান। স্থানীয়ভাবে প্রচলিত খাবার বিক্রি করতেন এবং সেখান থেকে অল্প অল্প করে সঞ্চয় করতেন।

হজ মিডিয়া সেন্টারকে দেয়া এক সাক্ষাৎকারে এমবা মার্সিয়াহ বলেন, আমি ঐতিহ্যবাহী জাউ বিক্রি করি। আমি অল্প অল্প করে অর্থ জমিয়েছি। সেই অর্থগুলো আমি একটি পাত্রে জমিয়ে রাখতাম। যদি কোনো ঘাটতি হয়, আমার ছেলে তাতে যোগ করে দিত।
 
দীর্ঘ সময় সঞ্চয়ের মাধ্যমে তিনি হজের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে সক্ষম হন। প্রথমদিকে তিনি বিষয়টি কাউকে জানাননি, এমনকি কাছের আত্মীয় বা প্রতিবেশীদেরও না। পরে সঞ্চয় বৃদ্ধি পাওয়ার পর বিষয়টি প্রকাশ করেন এই নারী।
 হজরত আইয়ুব আ. ধৈর্য ধরে আল্লাহ তায়ালার প্রশংসা করতেন।

১৯২১ সালের ১ জুলাই জন্ম নেয়া মারসিয়াহ এখন লাঠির সাহায্যে ধীরে হাঁটতে পারেন। তবে হজের বেশিরভাগ সময় তিনি হুইলচেয়ারের সাহায্যে চলাফেরা করেছেন। তিনি ২২ মে সকালে মক্কায় পৌঁছান, তার ৬৭ বছর বয়সী মেয়ে মুইদাহর সঙ্গে।
 
ইন্দোনেশিয়ার ১১২তম সুরাবায়া এমবারকেশন গ্রুপের প্রধান আবিসওয়াতুন নাধিরোহ জানান, মার্সিয়াহ সুস্থ আছেন এবং হজযাত্রার সকল কার্যক্রম সফলভাবে হজ পালন করেন।