পাবনায় পদ্মা নদী থেকে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহটি হাত-পা বাঁধা অবস্থায় ছিল।
বুধবার (৩ জুন) সকাল ১১ টার দিকে পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বলরামপুর পীরপুর এলাকায় পদ্মা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ কয়েকজন এলাকাবাসীর বরাতে বলেন, যে স্থানটিতে মরদেহ পাওয়া গেছে সেখানে মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে ১১ টার মধ্যে একটি মাইক্রোবাস যায়। স্থানীয়রা পুলিশ প্রশাসনের গাড়ি ভেবে বাড়ি চলে যায়। ধারণা করা হচ্ছে ওই গাড়িতে করে এসে মরদেহটি ওই স্থানে ফেলে গেছে।
পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম জানান, বুধবার সকালে স্থানীয়রা হাত-পা বাঁধা পলিথিনের বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।