বরিশালে ডেঙ্গুতে আরেক শিশুর মৃত্যু

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ডেঙ্গু জ্বরে রুসামনি (৯) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।​

শিশু রুসামনি ঢাকার ধানমন্ডি এলাকার একটি বেসরকারি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ও রাজাপুর উপজেলার জীবনদাসকাঠি গ্রামের রুহুল আমিন হাওলাদারের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বৃহস্পতিবার (৮ আগস্ট) ঢাকা থেকে জ্বর নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে আসে রুসামনি। পরে জ্বরের তীব্রতা বেড়ে গেলে শুক্রবার (৯ আগস্ট) রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আবাসিক মেডিকেল অফিসার আবুল খায়ের মাহমুদ রাসেল উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে প্রেরণ করেন।
 
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী প্রথমে তাকে বরিশালের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শিশুটির অবস্থার আরও অবনতি হলে রাত ৮টায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্ট দেওয়া হয়। লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার সকালে রুসামনিকে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ভোলার জেলে পরিবারে ছেঁবেনা ঈদ আনন্দ
 

এদিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আজ শনিবার ভর্তি আছে ৩৪০ জন। গতকাল ছিল ২৭৫ জন। এর আগে বৃহস্পতিবার ছিল ২৫৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ৯৮ জন। এর আগের দিন হয়েছিল ৮৪ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হওয়া ৯৮ জনের মধ্যে পুরুষ ৫২, মহিলা ২৬ ও শিশু ২০ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩ জন। এর মধ্যে পুরুষ ১১, মহিলা ১৭ ও শিশু ৪। গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত ভর্তি হয়েছে ৭০২জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে অথবা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় গেছে ৩৪০ জন।

ইত্তেফাক/এএম/অনি