ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মব সৃষ্টি করে বিজিবির জব্দ করা চোরাইপণ্যবোঝাই একটি পিকআপ ভ্যান ছিনিয়ে নিয়েছে চোরাকারবারিরা। বুধবার (৩ জুন) বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা চোরাইপণ্য নয়নপুর বাজারের একটি গুদামে মজুত রাখা হয়েছিল। সেখান থেকে সুযোগ বুঝে বিভিন্ন স্থানে পাচারের চেষ্টা চলছিল। বুধবার দুপুরে একটি পিকআপ ভ্যানে করে পণ্য সরিয়ে নেওয়ার সময় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করেন।
জব্দের পর চোরাকারবারিরা পণ্যগুলো বৈধ বলে দাবি করে পিকআপ ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে আরও লোকজন জড়ো করে মব তৈরি করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। একপর্যায়ে উত্তেজনা প্রশমনে বিজিবি জব্দ করা পিকআপটি ছেড়ে দিতে বাধ্য হয়।
বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শফিউল ইসলাম বলেন, ‘চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে জব্দকৃত গাড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেখানে গুলি চালানোর মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। রক্তপাত এড়াতে বাধ্য হয়ে গাড়িটি ছেড়ে দেওয়া হয়।’
তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।