মানিকগঞ্জের সদর উপজেলা গকুলনগর থেকে শনিবার ভোরে গরু চুরি করে পিকআপ নিয়ে পালানোর সময় সিংগাইরে পুলিশের ধাওয়ায় গাড়ি থেকে পড়ে বাবুল মণ্ডল (৪০) নামের একজন নিহত হয়েছেন। এ সময় পুলিশের গুলিতে এক চোর গুলিবিদ্ধসহ আরও দুইজন চোর গণপিটুনিতে আহত হয়েছেন। চোরদের মারধরে আহত হয়েছেন সিংগাইর থানার এক পুলিশ কর্মকর্তা।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ খন্দকার ইমাম হোসেন জানান, শুক্রবার দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গকুলনগরে তমছের আলীর বাড়ি থেকে একটি ষাঁড় এবং আজমত আলীর বাড়ি থেকে একটি গাভী চুরি করে পিকআপে তুলে পালাচ্ছিল ছয়জন চোর। তারা সিংগাইরের দিকে যাচ্ছিলো।
খবর পেয়ে সিংগাইর থানার উপ পুলিশ পরিদর্শক আল মামুন ফোর্স নিয়ে সিংগাইর বাসস্ট্যান্ডে ওই পিকআপটি থামানোর চেষ্টা করেন। এ সময় ওই পিকআপটি পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুত চলে যাওয়ার সময় আল মামুন পিকআপের পেছনে উঠে পরেন।
এ সময় গরুচোররা মারধর করলে আত্মরক্ষায় তিনি ১০ রাউন্ড ফাঁকা গুলি ছেঁড়েন। এ সময় চলন্ত পিকআপ থেকে গরুচোর দলের বাবুল মণ্ডল লাফ দিয়ে পালাতে গিয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। বাবলু হরিরামপুর উপজেলার সুলতানপুর গ্রামে চান্দু মণ্ডলের ছেলে।
পরে পিকআপটি দ্রুত পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে চররাজনগর মানিকনগর আলিম মাদরাসার দেয়ালে ধাক্কা লেগে থেমে যায়।
এ সময় ওই পুলিশ কর্মকর্তার চিৎকারে স্থানীয় লোকজন এসে দুইজন গরুচোরকে গণপিটুনি দেয়। এদের মধ্যে সিংগাইর উপজেলার মাধবপুর গ্রামে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছকেল দেওয়ানের ছেলে মিলন দেওয়ানের (৩০) পায়ে গুলি লেগেছে। তাকে পুলিশ পাহারায় ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে। গণপিটুনিতে আহত অজ্ঞাত পরিচয় আরেকজনকে (৩৫) মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।
আরও পড়ুন: বরিশালে ডেঙ্গুতে আরেক শিশুর মৃত্যু
এদিকে আহত উপ পুলিশ পরিদর্শক আল মামুনকে সিংগাইর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করা হয়েছে।
সিংগাইর থানার ওসি জানিয়েছেন, উদ্ধার করা গরু ও পিকআপটি থানায় রাখা হয়েছে। নিহত বাবুল মণ্ডলের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।এই ঘটনায় আহত পুলিশের উপ পরিদর্শক আল মামুন বাদি হয়ে মামলা করবেন।
ইত্তেফাক/অনি