ঢাকার গার্মেন্টসে কাজ করা ছেলে ঈদের ছুটিতে এসেছিলেন মায়ের কাছে। সেই মা-ছেলে বজ্রপাতের কবলে পড়ে একসঙ্গে প্রাণ হারালেন। বুধবার (৩ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার মান্দুরা গ্রামের দাসপাড়ায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
জানা যায়, বাড়ির পাশে শুকনা খড় তুলতে গিয়ে বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- মান্দুরা গ্রামের শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রাণী (৫৫) ও ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)। সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. আশরাফুল কবীর বলেন, বজ্রপাতে মা ও মেয়ে মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মৃতের পরিবারকে সরকারি নিয়ম অনুসরে আর্থিক সহায়তা দেওয়া হবে।
স্থানীয় ও নিহতদের পরিবার সূত্র জানা গেছে, সোহাগ ঢাকায় পোশাক কারখানায় চাকরি করতেন। তিনি ঈদের ছুটিতে বাড়িতে আসেন। বুধবার সন্ধ্যার আগ মুহূর্তে আকাশে মেঘ জমলে বাড়ির পাশের জমিতে শুকাতে দেওয়া খড় ও গাছের পাতা তুলে আনতে যান মা ও ছেলে। এসময় বজ্রপাতে গুরতর আহত হন তারা। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।
ভরতখালী ইউনিয়ন পরিষদ সদস্য শাহিন আলম বলেন, ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন সোহাগ। ছুটিতে বাড়ি এসে মায়ের সঙ্গে খড় তুলতে গিয়ে বজ্রপাতে মা-ছেলে দুইজনেই মারা গেছেন।