বিশ্বকাপের আবহে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। বুধবার (৩ জুন) দলের দ্বিতীয় অনুশীলন সেশন অনুষ্ঠিত হয়, বিশেষ এই অনুশীলনে প্রায় ২০০ দর্শক উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ব্রাজিলিয়ান সমর্থকদের পাশাপাশি স্থানীয় ফুটবলপ্রেমীরাও ছিলেন।
ফিফার নির্দেশনা অনুযায়ী বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে স্থানীয় জনগণের যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এই উন্মুক্ত অনুশীলনের আয়োজন করা হয়। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সেই উদ্যোগের অংশ হিসেবেই দর্শকদের জন্য অনুশীলন উন্মুক্ত রাখে।
আসন্ন মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে কোচ কার্লো আনচেলত্তি একাদশে কয়েকটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কারণে আগের ম্যাচে না খেলা ডিফেন্ডার মার্কুইনহস ও গ্যাব্রিয়েল মাগালহেসকে আবারও শুরুর একাদশে দেখা যেতে পারে।
লেফট-ব্যাক পজিশনেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সেখানে অ্যালেক্স সান্দ্রোর পরিবর্তে ডগলাস সান্তোসকে সুযোগ দিতে পারেন আনচেলত্তি।
মধ্যমাঠ ও আক্রমণভাগেও নতুন মুখ দেখা যেতে পারে। পানামার বিপক্ষে ভালো পারফরম্যান্সের সুবাদে লুকাস পাকেতা ও ইগর থিয়াগো প্রথম একাদশে জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। তাদের অন্তর্ভুক্তি হলে বেঞ্চে যেতে হতে পারে ম্যাথিউস কুনহা ও লুইস হেনরিককে।
তবে খেলোয়াড় পরিবর্তনের সম্ভাবনা থাকলেও কৌশলগত দিক থেকে বড় কোনো রদবদলের ইঙ্গিত নেই। আনচেলত্তি ৪-২-৪ ফরমেশনেই আস্থা রাখছেন। এই ছকে ডান প্রান্তে থাকা পাকেতা মাঝমাঠে ঢুকে খেলার স্বাধীনতা পাবেন, ফলে রাইট উইং দিয়ে আরও বেশি আক্রমণে যোগ দিতে পারবেন ওয়েসলে।
বিশ্বকাপের আগে ব্রাজিল দলের এই প্রস্তুতি ও সম্ভাব্য পরিবর্তন নিয়ে সমর্থকদের মধ্যে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে।