সাংবাদিকের ওপর আবারও চড়াও হলেন ট্রাম্প

হোয়াইট হাউসে ব্রিফিং চলাকালে আবারও সিএনএনের প্রধান হোয়াইট হাউস করেসপন্ডেন্ট কেইটলান কলিন্সকে লক্ষ্য করে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৩ জুন) ওভাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কলিন্স প্রশাসনের একটি বিষয়ে প্রশ্ন তুললে তার প্রতি চড়া প্রতিক্রিয়া দেখান ট্রাম্প। এ সময় তিনি ওই সাংবাদিককে ‘দুর্নীতিগ্রস্ত প্রতিবেদক’ বলে উল্লেখ করেন এবং সিএনএনকে ‘দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান’ হিসেবে আখ্যা দেন।

প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, তিনি কখনও কেইটলান কলিন্সকে হাসতে দেখেননি। তার দাবি, সাংবাদিকের চোখে তিনি সবসময় ক্ষোভ ও বিরূপ মনোভাব দেখতে পান। 

সংবাদমাধ্যমের প্রতি আক্রমণাত্মক হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সিএনএন একটি অত্যন্ত দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান; এবং তাদের একজন দুর্নীতিগ্রস্ত প্রতিবেদক ঠিক ওখানেই দাঁড়িয়ে আছে। সে একজন তরুণী, সুন্দরী নারী, কিন্তু কখনও হাসে না। তার মুখে আমি কখনওই হাসি দেখিনি। আমি তাকে চোখে ঘৃণা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখি।

নিজের অবস্থান ব্যাখ্যা করে ট্রাম্প দাবি করেন, তার প্রশাসন মার্কিন জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে বলেই কিছু সাংবাদিক ও সংবাদমাধ্যম বর্তমান প্রশাসনের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করে।

ট্রাম্পের এ মন্তব্য এরই মধ্যে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে একজন নারী সাংবাদিককে লক্ষ্য করে করা তার ব্যক্তিগত মন্তব্য নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।