লেবাননের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের কূটনৈতিক প্রচেষ্টাকে একটি ‘গুরুতর ভুল’ বলে তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদলের মধ্যে শত্রুতা অবসান সংক্রান্ত আলোচনা সফল হওয়ার পর তিনি এই চুক্তির প্রকাশ্য বিরোধিতা করেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই অসন্তোষ প্রকাশ করেন।
নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডেল বার্তায় ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বলেন, লেবাননের সঙ্গে এই যুদ্ধবিরতি চুক্তি একটি মারাত্মক ভুল সিদ্ধান্ত। এটি মূলত কিছু উপদেষ্টার অলীক ও অবাস্তব স্বপ্ন ছাড়া আর কিছুই নয়, যারা দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একের পর এক ভুল ও ক্ষতিকর সিদ্ধান্তের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। তিনি এই চুক্তির তীব্র বিরোধিতা করে উগ্রপন্থী রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করেন।
তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্রীয় জীবনে এমন কিছু সুনির্দিষ্ট মুহূর্ত আসে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতো শীর্ষ ক্ষমতাধর ব্যক্তির মুখোমুখি দাঁড়িয়েও সরাসরি ‘না’ বলার সাহস ও সক্ষমতা থাকতে হয়। ইসরায়েল যদি এই মুহূর্তে মার্কিন প্রশাসনের চাপের মুখে দাঁড়িয়ে কঠোর সিদ্ধান্ত নিতে না পারে, তবে ভবিষ্যতে হিজবুল্লাহ যখন আরও অনেক বেশি শক্তিশালী এবং মারাত্মক বিপজ্জনক হয়ে উঠবে, তখন তাদের আবার নতুন করে মোকাবিলা করতে হবে।
সূত্র: মিডল ইস্ট আই