নবাবগঞ্জে একদিনে মিললো দুই মরদেহ

ঢাকার নবাবগঞ্জে পৃথক স্থান থেকে দুইটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুন) সকালে উপজেলার বক্সনগরের আড়িয়াল বিল থেকে নারায়ণ সরকার (৫০) নামে এক থাইগ্লাস মিস্ত্রীর এবং দৌলতপুরের ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নারায়ণ সরকার উপজেলার বড় বক্সনগর চৌরাহাটি গ্রামের নরেন সরকারের ছেলে। তিনি পেশায় একজন থাইগ্লাস মিস্ত্রি ছিলেন। নিহত অপর নারীর এখনো পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ মে সকালে নারায়ণ সরকার, নিখিল রাজবংশী ও জগদীশ মাছ ধরার উদ্দেশ্যে আড়িয়ল বিলে যান। দুপুরে নিখিল রাজবংশী ও জগদীশ সরকার বাড়ি ফিরে এলেও নারায়ণ সরকার আর ফেরেননি। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।

পরে নারায়ণ সরকারের স্ত্রী চম্পা রানী বাদি হয়ে নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এঘটনায় সন্দেহভাজন হিসেবে নিখিল রাজবংশী ও জগদীশকে গ্রেপ্তার করে করে পুলিশ।

নিহত নারায়ণ সরকারের স্বজনরা বৃহস্পতিবার নিখোঁজের ৮ দিন পর তাকে খুঁজতে আবারও আড়িয়ান বিলে যান। সেখানে গিয়ে তারা তার মরদেহ পানিতে ভাসতে দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করেন।

একই দিন দুপুরে উপজেলার দৌলতপুর এলাকার ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ বলেন, নারায়ণ সরকারের নিখোঁজের ঘটনায় মামলা হলে দুইজনকে গ্রেপ্তার করে একদিনের রিমান্ড আনা হয়েছিল। প্রয়োজনের তাদের আবার রিমান্ড চাওয়া হবে। এছাড়া ধলেশ্বরী নদীতে উদ্ধারকৃত নারীর এখনো পরিচয় পাওয়া যায়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।