অ্যাডলফ খানের রহস্যজনক পোস্ট

তবে কি আবারও মা হলেন বুবলী

শোবিজ অঙ্গনে কয়েক মাস ধরেই অভিনেত্রী শবনম বুবলীর দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে কোরিওগ্রাফার অ্যাডলফ খানের একটি ফেসবুক পোস্ট।

সোমবার (১ জুন) বুবলীর সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে অ্যাডলফ খান লেখেন, ‘মাতৃত্ব সুন্দর! কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন আর অনেক দোয়া শবনম বুবলী।’

পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলীর দ্বিতীয় সন্তানের জন্ম নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই মন্তব্যের ঘরে শুভেচ্ছা জানাতে থাকেন। তবে পোস্টের বিষয়ে এখন পর্যন্ত বুবলী কিংবা শাকিব খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে বিভিন্ন সূত্রে বুবলীর সন্তান জন্মদানের দাবি করা হলেও এসব তথ্যের পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২২ সালে শাকিব খান ও বুবলী তাদের বিয়ে এবং সন্তান থাকার বিষয়টি প্রকাশ্যে আনেন। পরে জানা যায়, ২০১৮ সালের ২০ জুলাই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ২১ মার্চ তাদের ছেলে সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়।

প্রথম সন্তানের জন্মের আগেও বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। পরে সন্তানকে সামনে এনে তিনি শাকিব খানের সঙ্গে নিজের বৈবাহিক সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন।