ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় খাদে গিয়ে পড়েছে একটি মাইক্রোবাস। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ২টার দিকে সদর উপজেলার পাঘাচং রেলওয়ে স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও ট্রেনের যাত্রীদের সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস পাঘাচং রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর অনতিদূরে অবৈধ লেভেল ক্রসিংটি অতিক্রম করছিল একটি যাত্রীবাহী মাইক্রোবাস। এ সময় মাইক্রোবাসটি রেললাইনে আটকে যায়। ট্রেন আসতে দেখে এর চালক ও যাত্রীরা নেমে যান।
তবে মাইক্রোবাসটি ট্রেনের সাথে ধাক্কা লেগে দুমড়ে- মুচড়ে খাদে গিয়ে পড়ে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম জানান, দুর্ঘটনা খবর পেয়ে পুলিশ সেখানে যায়। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি খাদ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি বলে তিনি জানান।